
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকা থেকে ১০টি মামলা ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী মনির ওরফে ‘ডিস মনির’কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই “বাংলাদেশ আমার অহংকার”স্লোগানে সন্ত্রাস,চাঁদাবাজি,জঙ্গিবাদ দমন,অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ আলোচিত মামলার আসামিদের গ্রেপ্তারে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ধারাবাহিক গোয়েন্দা নজরদারিতে দ্রুত অপরাধী শনাক্ত ও গ্রেপ্তারের মাধ্যমে র্যাব জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
স্থানীয় সূত্র ও গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী,নারায়ণগঞ্জের বন্দর থানার হরিপুর এলাকার আব্দুল করিমের ছেলে মো.মনির হোসেন (৫৩) এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।মাদক মামলার পাশাপাশি চুরি,প্রতারণা ও বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে মোট ১০টি মামলা রয়েছে।তিনি দীর্ঘদিন ধরে নিজ এলাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয়ের মাধ্যমে যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিলেন বলে অভিযোগ স্থানীয়দের। এসব কর্মকাণ্ডে তিনি এলাকাবাসীর কাছে আতঙ্কের প্রতীক হয়ে ওঠেন। তিনটি মামলায় তিনি আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১,সিপিসি-১ এর একটি আভিযানিক দল শুক্রবার (০৯ ডিসেম্বর ২০২৫) সকাল ৬টা ৩০ মিনিটে বন্দর থানার হরিপুর এলাকায় অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মনির ওরফে ডিস মনিরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পরে গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী তাকে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।