
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদারের সাথে গাজীপুর মহানগরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় জিএমপি হেডকোয়ার্টার্স কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় হেফাজতে ইসলাম,খেলাফত মজলিস,ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের নেতারা ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, ডাকাতি–চুরি–ছিনতাই নিয়ন্ত্রণ, মাদক প্রতিরোধ এবং শান্তিপূর্ণ শহর গঠনে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। আসন্ন নির্বাচনকে ঘিরে স্বচ্ছ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বানও জানান তারা।

পুলিশ কমিশনার বলেন,গাজীপুরে মাদক নিয়ন্ত্রণ,আইন–শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে জিএমপি সর্বোচ্চ পেশাদারিত্বে কাজ করছে। একটি নিরাপদ নগর ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পুলিশ অঙ্গীকারবদ্ধ বলেও জানান তিনি।

সভায় জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এবং বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।