
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে দল ঘোষিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। আর এ কর্মসূচির প্রতিবাদে বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদল পৃথক একটি প্রতিবাদ সমাবেশ আয়োজন করে।
গোদনাইলের এসও রোড এলাকায় অনুষ্ঠিত কৃষকদলের এ সমাবেশে সভাপতিত্ব করেন কৃষকদল নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম রবি। এছাড়া বিএনপি, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল ও কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
স্থানীয় সূত্রে জানা গেছে,বহুল আলোচিত সাবেক এমপি গিয়াস উদ্দিনের অনুসারীরা চিটাগাংরোড ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তারা অভিযোগ করেন, আজহারুল ইসলাম মান্নানের পরিবর্তে গিয়াস উদ্দিনকে মনোনয়ন না দিলে দলীয় বিভাজন গভীর হবে। পাশাপাশি তারা আজহারুল ইসলাম মান্নানকে সিদ্ধিরগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করার হুঁশিয়ারিও দেন।
উক্ত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের উপস্থিতি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দলীয় মনোনয়ন নিয়ে অভ্যন্তরীণ কোন্দল এখন উন্মুক্ত বিরোধে রূপ নিচ্ছে, যা নির্বাচনী পরিবেশে প্রভাব ফেলতে পারে।