
নাটোর প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় কাবিখা (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের খাদ্য নিরাপত্তা কর্মসূচি) প্রকল্পের আওতায় ১৬০ ফুট রাস্তার এইচ-বিবি করণ ও সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে গৌরীপুর এলাকার খোলিলের বাড়ি থেকে মজিবরের বাড়ি পর্যন্ত রাস্তার উন্নয়নকাজের উদ্বোধন করেন ৩ নং বাগাতিপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন।
দীর্ঘদিনের দাবি থাকা এই রাস্তা উন্নয়ন না হওয়ায় ভোগান্তিতে ছিলেন স্থানীয়রা। বারবার প্রতিশ্রুতি মিললেও কার্যকর উদ্যোগ না নেওয়ায় তাদের হতাশা বাড়ছিল। অবশেষে কাবিখা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে কাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন বলেন, গৌরীপুরবাসীকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এই রাস্তার কাজ শুরু করা হয়েছে। এলাকার উন্নয়ন ও যোগাযোগব্যবস্থা সহজ করাই আমাদের লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়দের আশা, রাস্তার সংস্কারকাজ সম্পন্ন হলে যাতায়াতব্যবস্থা উন্নত হবে, কমবে দীর্ঘদিনের দুর্ভোগ। এতে গৌরীপুর এলাকার সামগ্রিক যোগাযোগব্যবস্থা আরও গতিশীল হবে।