
রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নে ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান বাবু। রবিবার সকালে ইউনিয়ন পরিষদে ঢোকার সময় তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
হাবিবুর রহমান বাবু জানান,স্থানীয় চাঁদাবাজ চক্র তার কাছে এক লক্ষ টাকা দাবি করে আসছিল। টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।অবশেষে রবিবার হামলা চালানো হয়, যেখানে তিনি পায়ে,পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন। বর্তমানে তিনি রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আক্রমণের পেছনে থাকা আল আমিন শেখ বলেন, একটি পুকুর ভরাটের কাজ বাবুর মাধ্যমে সম্পন্ন হয়েছে, বিনিময়ে এক লক্ষ টাকা দেওয়ার কথা ছিল। টাকা না দেওয়ায় উত্তেজনা তৈরি হয়। তবে হাবিবুর রহমান এই দাবিকে ভিত্তিহীন বলেছেন এবং থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানিয়েছেন, অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।