
রবিবার (২৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে ২৬তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দলের বিজয়ীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে,দেশের জন্য গৌরব বয়ে আনা তরুণদের সহায়তা করার ঘোষণা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
ফয়েজ তৈয়্যব বলেন,তরুণদের উদ্ভাবনের পরিবেশ বাস্তবায়ন না করলে জুলাই অভ্যুত্থানের চেতনা সফল হবে না। এই বিপ্লবের অর্জন তখনই সম্ভব হবে যখন আমরা আমাদের তরুণ প্রজন্মের জন্য মানসম্পন্ন কর্মসংস্থান এবং দেশে একটি সত্যিকার অর্থে স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তুলতে পারব। তরুণ প্রজন্মের সৃজনশীলতার জন্য একটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন এবং যেহেতু নতুন স্টার্টআপগুলোর অধিকাংশই প্রযুক্তিনির্ভর, তাই আইসিটি বিভাগের এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
এখন থেকে আইসিটি বিভাগ দেশের কৃতি সন্তানদের নিয়মিত সংবর্ধনা দেবে। পাশাপাশি যারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন, তাদের লজিস্টিক, কারিগরি এবং ট্রেনিং সহায়তা প্রদান করা হবে। এ সহায়তা আইসিটি বিভাগের পাশাপাশি ডাক ও টেলিযোগাযোগ বিভাগও প্রদান করবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আইসিটি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিন মন্ত্রণালয়ের জন্য উপদেষ্টার জরুরি নির্দেশনা।
বিশেষ অতিথির বক্তৃতায় আইসিটির সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, প্রযুক্তি যতই দ্রুত এগিয়ে যাক না কেন, আমাদের ক্ষুদে বিজয়ীরা প্রমাণ করেছে যে আমরা পিছিয়ে নেই। আমরা আজ আত্মবিশ্বাসী এবং আগামী আসরে তাদেরকে উদার হস্তে সহযোগিতা করবে আইসিটি বিভাগ।
এই বছর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ২৬তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ ১০টি পদক লাভ করেছে। আগামী ডিসেম্বর ২০২৫ সালে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে ২৭তম আসর অনুষ্ঠিত হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে বিজয়ীদের সঙ্গে তাদের কোচ মিশাল ইসলামকেও শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে পদকজয়ী আরিয়েত্রী ও আবরার আবীর তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা ব্যক্ত করেন।