
প্রেস বিজ্ঞপ্তি
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় চাঞ্চল্যকর হত্যা মামলার সাথে জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১।
র্যাব জানায়,’বাংলাদেশ আমার অহংকার’এই শ্লোগানকে ধারণ করে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস,চাঁদাবাজি, জঙ্গিবাদ,অবৈধ অস্ত্র,চোরাচালান,মাদক উদ্ধারসহ বিভিন্ন গুরুতর অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও নিয়মিত আভিযানিক কার্যক্রমের মাধ্যমে আলোচিত অপরাধীদের দ্রুত গ্রেফতারে র্যাব সর্বদা তৎপর।
গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.তারিখ রাত আনুমানিক ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন মাসদাইর গুদারাঘাট এলাকায় মো.ইমন (৩৯) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। নিহত ইমন পশ্চিম মাসদাইর এলাকার বাসিন্দা ও ওমর খৈয়ামের ছেলে। দীর্ঘদিন কারাভোগের পর একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান।
অভিযোগ অনুযায়ী,বাড়িতে ফেরার কিছুক্ষণ পর ফেরদৌস নামের এক ব্যক্তি মুঠোফোনে ডেকে তাকে গুদারাঘাট ওয়াজউদ্দিন মিস্ত্রিবাগ এলাকার একটি বাসায় নিয়ে যান। সেখানে পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
উক্ত ঘটনার প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১,নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ০৩ মার্চ ২০২৬ খ্রি. তারিখ দুপুর ১টা ৪৫ মিনিটে ফতুল্লা থানাধীন মাসদাইর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি—
১.মোঃ রায়হান ওরফে ডিপজল (২৮),পিতা:মোঃ শাহজাদ শাহাদাৎ,মাতা:রেহেনা বেগম,সাং:পশ্চিম মাসদাইর,থানা: ফতুল্লা,জেলা:নারায়ণগঞ্জ
২. মোঃ সেতু (১৯),পিতা:মোঃ বকুল,সাং:দেওভোগ পশ্চিম নগর,থানা:ফতুল্লা,জেলা:নারায়ণগঞ্জ
—কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকালে মোঃ রায়হান ওরফে ডিপজলের নিকট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে পৃথক একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে হত্যাচেষ্টা ও চুরিসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
গ্রেফতারকৃত আসামিদ্বয়কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি প্রেরক:
র্যাব-১১,সিপিসি-১
নারায়ণগঞ্জ।