
চীন-তাইওয়ান উত্তেজনার মধ্যে তাইওয়ানকে ১১ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির ঘোষণা যুক্তরাষ্ট্রের।
ওয়াশিংটন: চীন ও তাইওয়ানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই তাইওয়ানের কাছে প্রায় ১১ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের বিপুল পরিমাণ অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এটি তাইওয়ানের ইতিহাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা সবচেয়ে বড় অস্ত্র চুক্তি।
গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) ওয়াশিংটনে আনুষ্ঠানিকভাবে এই অস্ত্র বিক্রির ঘোষণা দেওয়া হয়। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, এই অস্ত্র চুক্তির আওতায় অত্যাধুনিক সামরিক সরঞ্জাম, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও প্রতিরক্ষা প্রযুক্তি অন্তর্ভুক্ত রয়েছে, যা তাইওয়ানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে বলে মনে করছে বিশ্লেষকরা
চীন দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে আসছে এবং যুক্তরাষ্ট্রের এ ধরনের অস্ত্র বিক্রির বিরোধিতা করে আসছে। নতুন এই চুক্তিকে ঘিরে বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক আরও উত্তপ্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।