
নিজস্ব প্রতিবেদক:
দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড–এর বিরুদ্ধে ডোজ প্রতারণা ও অবৈধ রিপ্যাকিংয়ের অভিযোগ উঠেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আগামী শনিবার (১৫ নভেম্বর ২০২৫) সকাল ১১টা, জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনের আয়োজন করছে অর্গানিক চিকেন পোল্ট্রি ফার্ম,যা দেশের একমাত্র জিরো অ্যান্টিবায়োটিক ও ফ্রি রেঞ্জ ব্রয়লার ও কালার বার্ড উৎপাদনকারী খামার হিসেবে পরিচিত।
খামার কর্তৃপক্ষ জানায়, তারা চার বছর ধরে সুইজারল্যান্ডভিত্তিক লাইফ সার্কেল নিউট্রিশন কোম্পানির তৈরি হার্বাল কক্সিডিউস্ট্যাট “হার্ব-অল-কক্স” ব্যবহার করে আসছে, যা বাংলাদেশে আমদানি ও বাজারজাত করে স্কয়ার ফার্মা।
অভিযোগ অনুযায়ী,স্কয়ার ফার্মা আমদানিকৃত উপাদানটি আন্ডার-ডোজ করে ও অবৈধভাবে রিপ্যাকিং করে বাজারজাত করেছে। এর ফলে খামারটি দীর্ঘ সময় ধরে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে।
আয়োজকরা জানান,সংবাদ সম্মেলনে স্কয়ার ফার্মার কথিত প্রতারণার দলিল-প্রমাণ,ক্ষতির বিবরণ এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হবে। অনুষ্ঠানে সাংবাদিক,ফটো সাংবাদিক ও ক্যামেরাপার্সনদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।