
খোকন,বাপসনিউজ:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিউ ইয়র্ক স্টেট শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় নিউ ইয়র্কের একটি পার্টি হলে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনায় শহীদ হওয়া সৈনিক ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করা হয়। বক্তারা বলেন,৭ নভেম্বর শুধু একটি তারিখ নয়,এটি বাংলাদেশের জাতীয় চেতনা, স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের এক মাইলফলক।
সভায় সভাপতিত্ব করেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান,এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মুলধারার রাজনীতির অন্যতম সংগঠক গিয়াস আহমেদ,
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টামণ্ডলীর সদস্য গোলাম ফারুক শাহীন এবং এম এ খালেক।
সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের নেত্রী সৈয়দা মাহমুদা শিরিন,জসীমউদ্দিন,আরিফুর রহমান ও রইসউদ্দিন।
বক্তারা বলেন,
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার শপথ নবায়নের দিন। জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি দেশ ও প্রবাসে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বদ্ধপরিকর।
অনুষ্ঠান শেষে শহীদ জিয়াউর রহমানসহ সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
নিউ ইয়র্ক প্রবাসী বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।