
স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের অন্যতম আলোচিত নেত্রী ড. সেলিনা হায়াৎ আইভী পোশাক শ্রমিক মিনারুল ইসলাম হত্যা মামলাসহ পাঁচটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।
রোববার (৯ নভেম্বর)বিচারপতি এ.এস.এম.আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে সাবেক মেয়র আইভীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন।
আইভীর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর মধ্যে অন্যতম হলো ২০২৪ সালের পোশাক শ্রমিক মিনারুল ইসলাম হত্যা মামলা, যা নারায়ণগঞ্জজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতা, উস্কানিমূলক বক্তব্য এবং প্রশাসনিক দায়িত্বে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আরও চারটি মামলা দায়ের হয়েছিল তাঁর বিরুদ্ধে।
গত ৯ মে শহরের পশ্চিম দেওভোগের নিজ বাড়ি থেকে সাবেক মেয়র আইভীকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পরবর্তীতে ২৭ মে মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে তাঁকে আবারও কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
গত ২০ জুলাই ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের আদমজী এলাকায় গুলিবিদ্ধ হন পোশাক শ্রমিক মিনারুল ইসলাম।
তাকে দ্রুত খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এরপর ২৩ সেপ্টেম্বর নিহত মিনারুলের ভাই নাজমুল হক বাদী হয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৩২ জনের নাম উল্লেখসহ আরও প্রায় ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
সে মামলায় ১২ নম্বর আসামি হিসেবে ছিলেন সাবেক মেয়র ড. সেলিনা হায়াৎ আইভী।
রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া
আইভীর জামিনের খবরে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দলীয় নেতাকর্মীরা আদালতের এই রায়কে,ন্যায়বিচারের বিজয়,হিসেবে বর্ণনা করেছেন, অন্যদিকে বিরোধীদলীয় নেতারা দাবি করছেন,প্রভাব খাটিয়ে বিচার প্রক্রিয়া প্রভাবিত করা হয়েছে।
ড.সেলিনা হায়াৎ আইভী ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম নারী মেয়র এবং টানা দুইবার নির্বাচিত জনপ্রতিনিধি।
তিনি প্রয়াত মুক্তিযোদ্ধা ও সাবেক সাংসদ আলী আহমদ চুনকার কন্যা।
আইভী নারায়ণগঞ্জের রাজনীতিতে দীর্ঘদিন ধরে প্রগতিশীল, উন্নয়নমনস্ক ও বিতর্কিত নেতৃত্বের মিশ্র প্রতীক হিসেবে পরিচিত।
আইভীর জামিনে মুক্তির মাধ্যমে নারায়ণগঞ্জের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।