
তিন বছর পেরোলেও বিএনপির মহানগর কমিটিতে ঐক্য ফিরছে না।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণার পর কেটে গেছে প্রায় তিন বছর। কিন্তু নেতৃত্ব সংকট ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব কাটেনি এখনো।
আহবায়ক অ্যাড.সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাড.আবু আল ইউসুফ খান টিপুর মধ্যে দ্বন্দ্ব দিন দিন বাড়ছে বলে অভিযোগ উঠেছে।
দলীয় সূত্র জানায়,কমিটি ঘোষণার পরপরই সিনিয়র নেতাদের একটি অংশ সাখাওয়াত-টিপু নেতৃত্বকে বর্জন করে নিজেদের আলাদা বলয় তৈরি করেন। এতে দলের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। সংগঠন চালাতে গিয়ে একক আধিপত্য বিস্তারের অভিযোগ ওঠে সদস্য সচিব টিপুর বিরুদ্ধে।
দলীয় কিছু নেতা অভিযোগ করে বলেন,টিপু নিজের বলয় শক্ত করতে গিয়ে অনেক দক্ষ নেতাকে দূরে ঠেলে দিয়েছেন। এতে মহানগর বিএনপি কার্যত দুইভাগে বিভক্ত।
অন্যদিকে সাখাওয়াত হোসেন খানের বিরুদ্ধেও ক্ষমতাসীনদের সঙ্গে আঁতাত ও অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে। এসব কারণে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা বিভ্রান্ত ও হতাশ হয়ে পড়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন,নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এখন সবচেয়ে অগোছালো ও দ্বিধাবিভক্ত ইউনিটে পরিণত হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা এলেও মাঠ পর্যায়ে তার প্রতিফলন দেখা যাচ্ছে না।