
চট্টগ্রাম সংবাদদাতা:
রাউজান পৌরসভার ৫ নং ওয়ার্ড,সুলতানপুরে অবস্থিত একটি শত বছরের পুরনো বাক প্রতিবন্ধী পরিবারের বসতবাড়ি দখল ও বেদখলের চেষ্টা করা হয়েছে ভূমিদস্যু ও সন্ত্রাসী চক্রের দ্বারা।ভুক্তভোগী মিঠন কুমার দাশের পরিবার আজ (২৬ অক্টোবর রোববার) নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে মিঠন কুমার দাশের স্ত্রী বলেন,সাগর দাশ, সজল দাশ,উজ্জ্বল দাশ সহ অন্তত ১০/১২ জন সন্ত্রাসী ও ভূমিদস্যু মিলে আমাদের পরিবারকে উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে। তারা ভূয়া ওয়ারিশ সনদ ও জাল দলিল তৈরি করে আমাদের বসতভিটা দখল করতে চায়।
ভুক্তভোগীরা আরও জানান,সাগর দাশ একের পর এক মিথ্যা মামলা দায়ের করে বাক প্রতিবন্ধী পরিবারের সদস্যদের হয়রানি করছে, হত্যার হুমকি দিচ্ছে এবং রাউজান থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে। তবে, আদালত ইতিমধ্যেই তাদের বসতভিটা বৈধভাবে পরিবারের দখলে রাখার নির্দেশ দিয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়,সন্ত্রাসী ও ভূমিদস্যুদের হামলার কারণে পরিবারটি বর্তমানে নিরাপত্তাহীনতা ও আতঙ্কে ভুগছে। বৈদ্যুতিক মিটার ও মেরামত কাজও তারা করতে পারছে না। এছাড়া, সাগর দাশের বিরুদ্ধে রাউজান থানায় অভিযোগ দায়ের রয়েছে, যেখানে তিনি ক্ষমতার অপব্যবহার ও ভূমিদস্যুতায় জড়িত থাকার কথাও উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীরা সরকারের কাছে দৃষ্টিান্তমূলক শাস্তি এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে মিঠন কুমার দাশ, তার স্ত্রী,পুত্র ও পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।