
নারায়ণগঞ্জের রূপগঞ্জ মঙ্গলখালি এলাকায় অবস্থিত এসিআই সল্ট কারখানাকে বর্জ্য ব্যবস্থাপনায় অব্যবস্থাপনার দায়ে ভ্রাম্যমান আদালত ২ লাখ টাকা জরিমানা করেছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম।
অভিযানে প্রমাণ মেলে—কারখানাটি শীতলক্ষা নদীতে সরাসরি বর্জ্য ফেলছে এবং পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে রেখেছে। এছাড়া প্রায় ১১ বছর ধরে পরিবেশ ছাড়পত্র নবায়ন করা হয়নি।
ভ্রাম্যমান আদালত তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করে। পরবর্তী ব্যবস্থা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নেওয়া হবে বলে জানানো হয়।
অন্যদিকে কারখানার কর্মকর্তারা দাবি করেছেন, তারা আইন মেনেই কার্যক্রম পরিচালনা করছেন এবং বর্জ্য ব্যবস্থাপনাও যথাযথভাবে হচ্ছে।