
আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলীতে তরুণদের আত্মকর্মসংস্থানে উৎসাহিত করতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণপ্রাপ্ত ৯ জন যুব সদস্যের মাঝে চেক বিতরণ করা হয়েছে। সোমবার সকালে এডুকো বাংলাদেশের সহযোগিতায় এনএসএস পরিচালিত,এমপাওয়ার প্রকল্প”কার্যালয়ে এই চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে জানানো হয়,এসব যুব সদস্য ২৫ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছেন। স্টার্টআপ সাপোর্ট হিসেবে দেয়া এই অর্থের মাধ্যমে তারা ল্যাপটপ কিনে ঘরে বসেই অনলাইনে আয় করার সুযোগ পাবেন। ফলে তারা নিজেরাই উদ্যোক্তা হয়ে উঠতে পারবেন।
উল্লেখ্য,এমপাওয়ার প্রকল্পের আওতায় বিভিন্ন কিশোর-কিশোরী ও যুব ক্লাবের ১৫ জন সদস্যকে ফ্রিল্যান্সিং বিষয়ে দক্ষ করে তোলা হয়েছে। প্রকল্পটির মূল লক্ষ্য হলো স্থানীয় তরুণদের টেকসই ডিজিটাল দক্ষতা দিয়ে স্বনির্ভরতা ও উদ্যোক্তা উন্নয়নে সহায়তা করা।
চেক বিতরণকালে এনএসএস এবং এমপাওয়ার প্রকল্পের সহকর্মীরাও উপস্থিত ছিলেন।
এই উদ্যোগ বরগুনার মতো মফস্বল এলাকায় ডিজিটাল পেশা গড়ে তোলার পাশাপাশি তরুণদের আইটি খাতে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।