
সিলেটের নতুন ডিসি সারোয়ার আলম দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই সাদাপাথর পরিদর্শন করেছেন। পাথর লুটের ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আলোচিত সাদাপাথর পর্যটনকেন্দ্রে পরিদর্শনে যান নবনিযুক্ত ডিসি মো. সারোয়ার আলম। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার এই এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন,“সাদাপাথর আমাদের জাতীয় সম্পদ। এর ক্ষতি মেনে নেওয়া যায় না। যারা এ লুটের সঙ্গে জড়িত, তাদের খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ সময় তিনি পাথর প্রতিস্থাপন কার্যক্রমও পর্যবেক্ষণ করেন এবং বলেন,সাদাপাথরকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালাবে। জনগণের সহযোগিতায় দ্রুত অগ্রগতি হবে।
উল্লেখ্য,সম্প্রতি সাদাপাথর এলাকা থেকে বিপুল পরিমাণ পাথর লুটের ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। এর জেরে জনপ্রশাসন মন্ত্রণালয় সিলেটের তৎকালীন ডিসি মাহবুব মুরাদকে ওএসডি করে এবং নতুন ডিসি হিসেবে মো. সারোয়ার আলমকে নিয়োগ দেয়।