
নিউজ ডেস্কঃ
সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সার্কিট হাউস রোডে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) উদ্যোগে আয়োজিত সংবাদপত্রের প্রকাশক, সম্পাদক, নির্বাহী সম্পাদকসহ জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তথ্য উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের ঘোষণা আগামী সপ্তাহেই আসতে পারে বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ থেকে দেশে এলেই হয়তো ঘোষণাটি আসবে।
নাহিদ ইসলাম বলেন, আমরা গণমাধ্যমের স্বাধীনতা চাই, ‘অবশ্যই। কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই, গণমাধ্যমের স্বাধীনতার সীমা কতটুকু? আমরা জানি, স্বাধীনতা মানে স্বাধীনতাই; এখানে কোনও নিয়ন্ত্রণ চলে না। কিন্তু গণমাধ্যমের স্বাধীনতার কথা বলে বা স্বাধীনতার মাধ্যমে ফ্যাসিস্টদের প্রচারণা করা যাবে কি না। গণমাধ্যমের স্বাধীনতার কথা বলে ফ্যাসিস্টদের পারপাস সার্ভ (উদ্দেশ্য সাধন) করা যাবে কি না। সেই বিষয়টি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আমরা আমাদের দেশ, আমাদের এই যে অভ্যুত্থান, সেটিকে প্রাধান্য রেখে, মানদণ্ড রেখে সব স্বাধীনতা কিন্তু নিশ্চিত করতে চাই।’
তথ্য উপদেষ্টা বলেন, তারা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চান; এটি কেবল মুখের কথা নয়, এটি কাজে বাস্তবায়ন করতে চান।
এজন্য তিনি ছাত্র-জনতার আন্দোলনের পক্ষ থেকে ধন্যবাদ জানান।
নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদের পক্ষে যারাই কাজ করুন না কেন, গণহত্যাকে যারাই উসকানি দিয়ে থাকুক না কেন, তাদের বিচার হবে। সাংবাদিক, কবি, সাহিত্যিক—এটা বিবেচনায় নেওয়া হবে না। আবার একই সঙ্গে কোনও সাংবাদিক বা যে কেউ, তার সঙ্গে যদি অবিচার করা হয়, সেই বিষয়টিও দেখা হবে। কাউকে যদি এমন মামলা দেওয়া হয়, যে মামলায় আসলে অভিযুক্ত হওয়ার মতো নয়, সেই মামলাগুলো প্রত্যাহার করা হবে। যার যতটুকু অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।