
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রাকৃতিক গ্যাস অবৈধভাবে সিলিন্ডারে ভরার সময় বিস্ফোরণের ঘটনায় আব্দুর রশিদ (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
তিনি সোনারগাঁ পৌরসভার সাহাপুর গ্রামের মৃত খালেক মিয়ার ছেলে।
গত মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে পৌরসভার সাহাপুর কাঠপট্টি এলাকায় নিত্যদিনের দিনের মতো চুরি করে গ্যাস সিলিন্ডারে ভরার একপর্যায়ে বিস্ফোরণের ঘটনায় তিনি দগ্ধ হন। পরে স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। গত শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের ছোট ভাই সহিদুল বিষয়টি গোপন রাখার চেষ্টা করলেও বিষয়টি সকলের চোখের সামনে চলে আসে।
একটি সূত্র জানায়, নিহত আব্দুর রশিদ ও তার ভাই সহিদুল দীর্ঘদিন ধরে সোনারগাঁ, আড়াইহাজার ও কুমিল্লা জেলার মেঘনা উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সিলিন্ডার করে বাজারজাত করে আসছেন। গত মঙ্গলবার তারাহুরো করে গ্যাস সিলিন্ডারে ভরার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে।
সোনারগাঁ থানার ওসি (তদন্ত) মহসিন বলেন, সকালে রশিদের স্বজনরা একটি অপমৃত্যু রিপোর্ট লিখা কাগজ থানায় জমা দিয়ে গেছেন। এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।