
প্রতিবেদক:মোঃ হোসেন হ্যাপি।
নারায়ণগঞ্জ সদর প্রশাসনের উদ্যোগ,দূতাবাসের আনুষ্ঠানিক তথ্যের অপেক্ষা।
দক্ষিণ আফ্রিকায় একটি সুপারশপে অগ্নিকাণ্ডে নিহত ৬ জনের মধ্যে ৫ জনই নারায়ণগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। তাদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দিয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে বলেন,প্রশাসন ইতোমধ্যে প্রবাসী কল্যাণ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্য সংরক্ষণ করেছে।
তিনি জানান, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দূতাবাস থেকে আনুষ্ঠানিক তালিকা পাওয়ার পরই মরদেহ দেশে আনার কার্যক্রম শুরু হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে কোনো প্রশাসনিক জটিলতায় না পড়ে, সে বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, স্থানীয় সময় মঙ্গলবার রাত ৩টার দিকে দক্ষিণ আফ্রিকার একটি সুপারশপে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ জন নিহত হন। তাদের মধ্যে ৫ জনই নারায়ণগঞ্জ সদর উপজেলার বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা গেছে। প্রশাসন জানিয়েছে, দূতাবাসের আনুষ্ঠানিক তথ্য পাওয়ার পর পরবর্তী সব কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হবে।