
বিশেষ প্রতিবেদক:
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ,বীর বিক্রম আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে তার দায়িত্ব পালনের কার্যক্রম শুরু করেছেন। দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সোয়া ১১টার দিকে তিনি বঙ্গভবনে পৌঁছান।
বঙ্গভবনের প্রধান ফটক-২-এ পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে স্বাগত জানায় এবং গার্ড অব অনার প্রদানের স্থানে নিয়ে যায়। পরে পিজিআরের একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করে।
আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন,জনবিভাগের সচিব খান মো.নূরুল আমিন,প্রেস সচিব মো.সরওয়ার আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম অক্টাগনে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তার কার্যালয়ে গিয়ে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্ব পালনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।