
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজ নির্মাণ ও সড়ক নিরাপত্তার দাবিতে টানা প্রায় দুই ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন শেষে প্রশাসনের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছেন বিক্ষোভকারীরা।
আন্দোলনকারীরা জানান, গত দুই বছরে এই সড়কে ১০ থেকে ১৫ জনের প্রাণহানি ঘটেছে। তাই আগামী ৩১ আগস্টের মধ্যে ফুটওভার ব্রিজ নির্মাণের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত কাজ শুরু এবং নিহতদের পরিবারের জন্য রাষ্ট্রীয় সহায়তা নিশ্চিত করার দাবি জানান তারা।
এ সময় নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজউদ্দিন বলেন,আন্দোলনকারীদের দাবিকে প্রশাসন যৌক্তিক হিসেবে বিবেচনা করছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সঙ্গে আলোচনা করে আগামী ৩১ আগস্টের মধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করা হবে।
তিনি জানান, স্টিল ফ্রেমের ফুটওভার ব্রিজ হওয়ায় এটি দ্রুত নির্মাণ করা সম্ভব এবং চলতি বছরের মধ্যেই চালুর লক্ষ্য রয়েছে।
ইউএনও আরও বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের ক্ষতিপূরণের সুযোগ রয়েছে। উপজেলা প্রশাসন এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা করবে। এছাড়া উপজেলা পরিষদ, স্থানীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতায় অতিরিক্ত সহায়তা নিশ্চিতের উদ্যোগ নেওয়া হবে।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাৎক্ষণিকভাবে ওই এলাকায় দুইজন ট্রাফিক পুলিশ মোতায়েনের কথাও জানান তিনি।