
বিশেষ প্রতিনিধি:
দৈনিক ঢাকা প্রতিদিন-এর বিশেষ প্রতিবেদক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি (তেকসাস)। একই সঙ্গে মতপ্রকাশের স্বাধীনতা ও অনুসন্ধানী সাংবাদিকতার নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের মূল ফটকের সামনে আয়োজিত মানববন্ধনে তেকসাসের নেতৃবৃন্দ, জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারা, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং সচেতন নাগরিকরা অংশ নেন।
বক্তারা বলেন,অনুসন্ধানী সাংবাদিকতা গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। জনস্বার্থে দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের তথ্য প্রকাশের কারণে কোনো সাংবাদিককে মিথ্যা মামলায় গ্রেফতার করা হলে তা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের ওপর সরাসরি আঘাত হিসেবে বিবেচিত হবে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন,ফায়ার সার্ভিসে সংঘটিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তথ্য প্রকাশের পরই সাংবাদিক হাফিজুর রহমান শফিককে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে।
তাদের ভাষ্য, দুর্নীতির বিরুদ্ধে সত্য প্রকাশ কখনো অপরাধ হতে পারে না। বরং অনুসন্ধানী সাংবাদিকদের নির্ভয়ে ও নিরাপদে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব।

সমাবেশ থেকে অবিলম্বে সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে কোনো সাংবাদিক যেন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হয়রানি, ভয়ভীতি বা মিথ্যা মামলার শিকার না হন, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির সভাপতি আজিজুল ইসলাম যুবরাজ,দপ্তর সম্পাদক মো.তুহিন ইসলাম রাতুল,প্রচার সম্পাদক মো.আতিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ফারজানা সুলতানা সামিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কাউন্সিলর ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য মোহাম্মদ মাসুদ,ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্য রাজু আহমেদ,সাবেক নির্বাহী কমিটির সদস্য এইচএম আল-আমিন, সদস্য জিয়াউর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।