
নিজস্ব প্রতিনিধি, সিলেট:মোঃ রব।
সিলেটের বিশ্বনাথ উপজেলায় এক নারীকে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে সিএনজিচালিত অটোরিকশায় তুলে অন্যত্র নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ইতোমধ্যে মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার তথ্য অনুযায়ী,১৪ জুলাই রাতে ঘটনাটি ঘটে। পরদিন ভুক্তভোগী নারী বাদী হয়ে বিশ্বনাথ থানায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
অভিযোগে বলা হয়,ছাতকে যাওয়ার উদ্দেশ্যে দক্ষিণ সুরমার চণ্ডীপুল এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করার পর চালক তাকে পরিকল্পিতভাবে বিশ্বনাথ উপজেলার আলমনগর এলাকায় নিয়ে যায়। সেখানে চালক ও তার সহযোগীরা তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানায়, মামলার প্রধান আসামি গয়াছ মিয়া গেদাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর তিন আসামি এখনও পলাতক এবং তাদের গ্রেফতারে অভিযান চলছে।
ভুক্তভোগীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, ঘটনার তদন্ত চলছে এবং পলাতক আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।