
নিজস্ব প্রতিনিধি:
১৪৪টি মোবাইল ফোন ও ৬ লাখ ১০ হাজার টাকা চুরির ঘটনায় রিমান্ডে আসামিরা,উদ্ধার অভিযান চলমান
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার প্রিন্সিপাল 100 শপিং মলে সংঘটিত চাঞ্চল্যকর মোবাইল ফোন চুরির ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে সোনারগাঁও থানা পুলিশ।
পুলিশ জানায়,গত ১১ জুন রাত থেকে ১২ জুন সকাল পর্যন্ত কোনো এক সময়ে শপিং মলের পঞ্চম তলায় অবস্থিত মোবাইলি বাই আমিনুল টেলিকম’দোকানের তালা কেটে নগদ ৬ লাখ ১০ হাজার টাকা এবং বিভিন্ন ব্র্যান্ডের ১৪৪টি মোবাইল ফোন চুরি করা হয়। চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ১কোটি টাকা।
এ ঘটনায় দোকান মালিক আমিনুল সোনারগাঁও থানায় মামলা দায়ের করলে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার‘খ’সার্কেল দীপংকর ঘোষের তদারকিতে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
তথ্যপ্রযুক্তির সহায়তায় কাঁচপুর,ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা চোরচক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে,গ্রেপ্তার হওয়া কয়েকজনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। আদালত তাদের প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।