
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত গুনাগরি ইউনিয়ন পরিদর্শন করে দুর্গত মানুষের মধ্যে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১০ জুলাই) তিনি বন্যাকবলিত এলাকা ঘুরে দেখেন এবং পানিবন্দি মানুষের খোঁজখবর নেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,আমি এখানে রাজনীতি করতে আসিনি। বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি। মানুষের দুর্ভোগ মাঠে না এলে বোঝা যায় না।
তিনি সরকারের প্রতি দ্রুত উদ্ধার,পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।
পরিদর্শনকালে ডা.শফিকুর রহমান একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া শতাধিক পরিবারের মধ্যে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করেন। পরে কোমরসমান পানি অতিক্রম করে বিভিন্ন বাড়িতে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের হাতে সহায়তা তুলে দেন।
স্থানীয় বাসিন্দারা জানান,কয়েক দিন ধরে শত শত পরিবার পানিবন্দি রয়েছে। অনেকেই স্কুল,দোকানের দোতলা ও আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন।
ডা. শফিকুর রহমান বলেন,জাতীয় সংসদেও চট্টগ্রামের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তিনি সাম্প্রতিক বন্যা, পাহাড়ধস ও বিভিন্ন দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন।