
বিশেষ প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অভিযান চালিয়ে দুইটি দেশীয় শর্টগান ও শর্টগানের ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-১১।
র্যাব-১১ জানায়, সোমবার (৬ জুলাই ২০২৬) রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর জেলার মতলব উত্তর থানার বেলতলি নয়াকান্দি এলাকার একটি ঝোপে অভিযান চালানো হয়। এ সময় একটি পরিত্যক্ত প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে দুইটি দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাবের তথ্যমতে, রাত্রীকালীন টহলের সময় গোপন সূত্রে ঝোপের মধ্যে সন্দেহজনক একটি ব্যাগ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালানো হয়। পরে ব্যাগটি খুলে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করে জব্দতালিকা প্রস্তুত করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মতলব উত্তর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ জানায়, অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে তাদের চলমান অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।