
নিজস্ব প্রতিনিধি:
পরিবারের সদস্যরাও পাবেন ঘরে বসে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ
ঢাকা: সাংবাদিকদের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং মেডআই বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সঞ্চালনা করেন।
চুক্তি অনুযায়ী,ডিআরইউর সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা মেডআই প্ল্যাটফর্মের মাধ্যমে ঘরে বসেই বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ,স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, সুস্থতা আল্লাহর অন্যতম বড় নেয়ামত। তিনি সবাইকে স্বাস্থ্য সচেতন জীবনযাপন ও পুষ্টিকর খাবার গ্রহণের আহ্বান জানান।
সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, ডিআরইউ সদস্যদের কল্যাণে আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবা যুক্ত করার ধারাবাহিকতায় এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এতে সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও উপকৃত হবেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিআরইউর সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুম, মেডআই বাংলাদেশের ক্লিনিক্যাল টিমের হেড ডা.সুমাইয়া তাসনীম খান এবং হেড অব অপারেশন সুস্মিতা সাহা।
এ সময় ডিআরইউর অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, সাংগঠনিক সম্পাদক এমএম জসিম,দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী,কল্যাণ সম্পাদক রফিক মৃধা,কার্যনির্বাহী সদস্য সুমন চৌধুরী, মেডআইর ইন-হাউজ চিকিৎসক জাকিয়া ফারহানা ও বিজনেস এক্সিকিউটিভ মেহেদী হাসানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,প্রযুক্তিনির্ভর টেলিমেডিসিন সেবার মাধ্যমে সাংবাদিকদের ব্যস্ত কর্মজীবনে দ্রুত, সহজ এবং মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে।