
বিশেষ প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে পুশইন, মাদক ও চোরাচালান প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও কাশপিয়া তাসরিন সীমান্তবাসীকে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান।
বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের পুশইন,সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা প্রদান এবং মাদক চোরাচালান প্রতিরোধে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ জুন) বিকেলে হাটখোলা সীমান্তের শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ধরঞ্জী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন।
সভায় উপস্থিত ছিলেন হাটখোলা বিওপি কমান্ডার সুবেদার মোতালেব হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তি এবং সীমান্ত এলাকার বাসিন্দারা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও কাশপিয়া তাসরিন বলেন, সীমান্তের সাম্প্রতিক পরিস্থিতি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অত্যন্ত সাহসিকতা ও আন্তরিকতার সঙ্গে মোকাবিলা করছে। সীমান্তবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে সীমান্ত এলাকার সমস্যা সমাধানে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি সীমান্ত এলাকায় অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তির বিষয়ে দ্রুত বিজিবিকে তথ্য দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে স্থানীয়দের সচেতন ও সক্রিয় ভূমিকা রাখারও আহ্বান জানান।