
বিশেষ প্রতিনিধি:
দোকান বসাতে ৫ থেকে ১০ হাজার টাকা দাবি,প্রশাসনের হস্তক্ষেপ কামনা।
রাজশাহীর ঐতিহ্যবাহী সাগরপাড়া রথ মেলাকে ঘিরে আবারও সক্রিয় হয়ে উঠেছে চাঁদাবাজ চক্র—এমন অভিযোগ তুলেছেন বিভিন্ন জেলা থেকে আসা ব্যবসায়ীরা। মেলা শুরুর আগেই দোকানের স্থান দখল,অবৈধ অর্থ আদায় এবং ব্যবসায়ীদের হয়রানির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে।
প্রতিবছরের মতো এবারও রথযাত্রা উপলক্ষে রাজশাহীর সাগরপাড়ায় বসতে যাচ্ছে শতবর্ষী রথ মেলা। ধর্মীয় আয়োজনের পাশাপাশি এটি রাজশাহীর অন্যতম বৃহৎ সাংস্কৃতিক ও বাণিজ্যিক উৎসব হিসেবে পরিচিত। মেলাকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা অংশ নিতে আসেন।
তবে ব্যবসায়ীদের অভিযোগ, মেলা শুরুর আগেই একটি প্রভাবশালী চক্র ফুটপাত ও নির্ধারিত স্থানগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। সরেজমিনে দেখা গেছে, স্বচ্ছ টাওয়ারের মোড় থেকে সাগরপাড়া পর্যন্ত বিভিন্ন স্থানে রং দিয়ে চিহ্ন আঁকা হয়েছে। স্থানীয়দের দাবি, এসব চিহ্ন দোকানের স্থান সংরক্ষণের নামে চাঁদাবাজির অংশ।
একাধিক ব্যবসায়ী জানান,দোকান বসানোর জন্য পছন্দের স্থান নির্বাচন করলেই ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে। এছাড়া কিছু বাড়ির মালিক ও ভাড়াটিয়ার বিরুদ্ধেও দোকান বসানোর বিনিময়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।
গত বছরও একই ধরনের চাঁদাবাজির শিকার হওয়ার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, অর্থ না দিলে দোকান বসানো কিংবা ব্যবসা পরিচালনায় নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।
স্থানীয় ব্যবসায়ী ও দর্শনার্থীরা মনে করছেন, প্রশাসনের কার্যকর নজরদারি ও কঠোর পদক্ষেপ ছাড়া এই সমস্যা সমাধান সম্ভব নয়। তারা চান,রাজশাহীর ঐতিহ্যবাহী রথ মেলা চাঁদাবাজমুক্ত ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হোক।