
মোহাম্মদ হোসেন হ্যাপী | ঢাকা।
অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীল পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে, আর গাফিলতি বা অনিয়মের ক্ষেত্রে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৭ জুন ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,অপরাধ দমনে সফলতা অর্জনকারী পুলিশ সদস্যদের যথাযথ মূল্যায়ন ও পুরস্কৃত করা হবে। একইসঙ্গে কোনো ধরনের গাফিলতি,দায়িত্বে অবহেলা কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তির আওতায় আনা হবে।
রামিসা হত্যা মামলার দ্রুত বিচার ‘ঐতিহাসিক মাইলফলক’
সম্প্রতি আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রমের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বিচারিক ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
তিনি জানান,অত্যন্ত স্বল্প সময়ে ডিএনএ পরীক্ষা,ময়নাতদন্ত, তদন্ত সম্পন্ন এবং আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। পাশাপাশি বিচারক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঈদের ছুটি বাতিল করে মামলার বিচারিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করেছেন, যা রাষ্ট্রীয় দায়িত্ববোধ ও পেশাদারিত্বের অনন্য উদাহরণ।
মন্ত্রী আরও বলেন,মামলার গুরুত্ব বিবেচনায় ডেথ রেফারেন্স শুনানি আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হবে।
দৌলতদিয়া ও গজারিয়ার ঘটনায় পুলিশের প্রশংসা
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যদের তাৎক্ষণিক ও বিচক্ষণ পদক্ষেপের কারণে অন্তত ৫০ জন বাসযাত্রীর প্রাণ রক্ষা পেয়েছে।
এছাড়া মুন্সীগঞ্জের গজারিয়ায় এক কিশোরী হত্যার ক্লুলেস মামলার রহস্য দ্রুত উদ্ঘাটন এবং অভিযুক্তদের গ্রেফতার করায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের ভূয়সী প্রশংসা করেন তিনি।
বিজিবি-বিএসএফ ডিজি পর্যায়ের বৈঠকে সীমান্ত ইস্যু গুরুত্ব পাবে
আগামী ৮ জুন নয়াদিল্লিতে শুরু হতে যাওয়া চার দিনব্যাপী বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,সীমান্ত হত্যা,অবৈধ পুশ-ইন,অনুপ্রবেশ এবং সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বৈঠকের আলোচ্যসূচিতে থাকবে।
তিনি জানান,বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে প্রস্তুত রয়েছে।
মাদক ও জুয়া প্রতিরোধে আসছে আধুনিক আইন
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদ সদস্যদের উদ্বেগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,মাদক, সন্ত্রাস ও সংঘবদ্ধ অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। তবে কৌশলগত কারণে অনেক বিশেষ অভিযানের তথ্য আগাম প্রকাশ করা হয় না।
তিনি আরও জানান,অপরাধীরা যাতে আইনের ফাঁকফোকর ব্যবহার করে পার পেয়ে যেতে না পারে,সে লক্ষ্যে সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও জুয়া প্রতিরোধে যুগোপযোগী এবং আধুনিক আইন প্রণয়নের কাজ করছে। নতুন আইন কার্যকর হলে অপরাধীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।
প্রেস ব্রিফিংয়ে দেশের বিভিন্ন প্রিন্ট,ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।