
চট্টগ্রাম,২০ মে: মোঃ হোসেন হ্যাপি।
দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্তি উপলক্ষে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সাংবাদিকদের সামনে এসে তার কর্মকাণ্ড,সাফল্য ও চ্যালেঞ্জ তুলে ধরেছেন। একই সঙ্গে তিনি গণমাধ্যমকর্মীদের কাছ থেকে মতামত ও পরামর্শও চেয়েছেন।
চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে আয়োজিত ‘স্বচ্ছতা ও জবাবদিহিতার ৬ মাস’ শীর্ষক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বলেন,প্রশাসনের কার্যক্রম আরও জনবান্ধব ও কার্যকর করতে সাংবাদিকদের মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন,আমরা কতটুকু সেবা দিতে পারছি,কোথায় ঘাটতি আছে—এগুলো জানতেই গণমাধ্যমকর্মীদের সামনে এসেছি।
সংবাদ সম্মেলনে গত ছয় মাসে চট্টগ্রাম জেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। এর মধ্যে জাতীয় নির্বাচন প্রস্তুতি,আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ,জঙ্গল সলিমপুরে অভিযান,মানবিক উদ্যোগ,ভূমি উদ্ধার কার্যক্রম এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি উল্লেখযোগ্য।
জেলা প্রশাসক জানান,জঙ্গল সলিমপুর এলাকায় সেনাবাহিনী,পুলিশ,র্যাব,বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে পরিচালিত অভিযানের মাধ্যমে দীর্ঘদিনের সন্ত্রাস ও দখলদারিত্ব নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
এছাড়া সীতাকুণ্ডে অবৈধ ডিজেল জব্দসহ জ্বালানি চোরাচালান রোধে বিভিন্ন অভিযান পরিচালনার তথ্যও তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে ভিডিওচিত্রের মাধ্যমে প্রশাসনের বিভিন্ন উন্নয়ন ও মানবিক কার্যক্রম প্রদর্শন করা হয়,যেখানে ডিসি পার্কে ফুল উৎসব, বাংলা নববর্ষ উদযাপন এবং বিভিন্ন সামাজিক উদ্যোগের চিত্র উঠে আসে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকলেও স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন,’গণমাধ্যম সমাজের দর্পণ’আপনাদের সমালোচনা ও পরামর্শ আমাদের কাজকে আরও উন্নত করতে সাহায্য করবে।
সংবাদ সম্মেলনের শেষে তিনি সাংবাদিকদের কাছে প্রশাসনের কার্যক্রম নিয়ে খোলামেলা মতামত জানানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।