
অনলাইন ডেস্কঃ
স্বাধীনতার পর আওয়ামী লীগ ছাড়া যারা ক্ষমতায় এসেছে তারা দেশের জন্য কী করেছে এবং মানুষের ভাগ্য পরিবর্তনে কী পদক্ষেপ নিয়েছে, সেটি চিন্তা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (১৪ অক্টোবর) বিকেলে রাজধানীর কাওলায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
খালেদা জিয়া কখনো বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না উল্লেখ করে তিনি বলেন, তার মনে ছিল পাকিস্তান, জিয়া এবং সে পাকিস্তানের ধারাবাহিকতা নিয়ে চলতে চেয়েছিল। তাই জাতির পিতার হত্যাকারীকে ভোট চুরি করে সংসদে বসিয়েছিল। আর আলবদর, রাজাকার যুদ্ধাপরাধী এদেশের গণহত্যা চালিয়েছে, মা-বোনকে ধরে নিয়ে হানাদারবাহিনী পাকিস্তানিদের ক্যাম্পে দিয়েছে; গ্রামের পর গ্রাম জ্বালিয়ে ছারখার করে দিয়েছে। তাদেরই জিয়া, খালেদা জিয়া ক্ষমতায় বসিয়েছে। কাজেই এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে তাদের কোনও অবদান নেই এবং তারা সেটি করতেও চায় না।
‘ভোট নিয়ে খেলা, ভোট চুরি, মানুষের ভাগ্য নিয়ে খেলা- এটাই তারা করে গেছে। আর আওয়ামী লীগের অনেক সংগ্রামের পথ পেয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলে পরে একটি দেশে যে উন্নতি হয়, আর যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা ক্ষমতায় থাকলে যে দেশের উন্নতি হয় সেটা আমরা প্রমাণ করেছি।’
এসময় দেশবাসীর প্রতি প্রশ্ন রেখে শেখ হাসিনা বলেন, যেখানে জাতির পিতা মাত্র সাড়ে ৩ বছরে স্বল্পোন্নত দেশ হিসেবে রেখে গিয়েছিলেন, পঁচাত্তরের পর ২১ বছর যারা ক্ষমতায় ছিলেন জিয়া, এরশাদ, খালেদা জিয়া- এরপর আবার ২০০১ থেকে ২০০৮-খালেদা জিয়া এবং তত্ত্বাবধায়ক সরকার; এই ২৯ বছর যারা ক্ষমতায় ছিলেন তারা দেশের জন্য কী করেছে? মানুষের ভাগ্য পরিবর্তনে কী করেছে? সেটাই একবার চিন্তা করে দেখবেন। অনেকেই অনেক বড় বড় কথা বলেছে, কিন্তু দেশের মানুষের জন্য কিছুই করেনি।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ৯৬ সালে যখন সরকার গঠন করি তখন বিদ্যুৎ ছিল ১৬০০ মেগাওয়াট। বিদ্যুতের জন্য আন্দোলন করতে গিয়ে বিএনপি কানসাটে মানুষকে গুলি করে হত্যা করে। ৯৬ সালে আওয়ামী লীগ সরকারে এসে ১৬০০ থেকে ৪৩০০ মেগাওয়াটে বিদ্যুৎ উৎপাদন বাড়াই।
তিনি বলেন,২০০১ সালে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিল বিএনপি। বাংলাদেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। বিদেশ থেকে টাকা এসেছে এতিমখানার জন্য, এতিমরা পায়নি, নিজে মেরে দিয়েছে। এতিমের অর্থ আত্মসাৎ করেছে।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির সঞ্চালনায় এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও মহানগরের নেতারা অংশ নেন।
এর আগে, বেলা সোয়া ৩টার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন উপলক্ষে রাজধানীতে ক্ষমতাসীনদের জনসমাবেশে উপস্থিত হন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এসময় নেতাকর্মীরা তাকে স্লোগানে স্লোগানে স্বাগত জানান। নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন প্রধানমন্ত্রী।