
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার হাজীগঞ্জ এলাকায় ঈদগাহের জমি দখলের অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় মুসল্লিরা। শুক্রবার (১৫ মে) জুমার নামাজের পর হাজীগঞ্জ নবুমিস্ত্রি জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে হাজীগঞ্জ বাজার এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভে হাজীগঞ্জ ও আশপাশের বিভিন্ন মসজিদের মুসল্লিরা অংশ নেন। এ সময় তারা ভূমিদস্যুদের কালো হাত ভেঙে দাও,গুঁড়িয়ে দাও এবং ইসলামের দুশমনরা হুঁশিয়ার, সাবধান”সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তব্য রাখেন হাজীগঞ্জ নবুমিস্ত্রি জামে মসজিদের খতিব ও হাজীগঞ্জ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি ইমরান হোসেন। তিনি অভিযোগ করে বলেন,মসজিদের জন্য ৬৬ শতাংশ জমি ওয়াকফ করা হয়েছে এবং দীর্ঘদিন ধরে ওই জায়গাটি ঈদগাহ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। স্থানীয় মুসল্লিরা প্রতি বছর সেখানে ঈদের নামাজ আদায় করেন। তবে সম্প্রতি একটি চক্র ঈদগাহের জমি দখলের পাঁয়তারা করছে বলে অভিযোগ ওঠে।
মাওলানা মুফতি ইমরান হোসেন বলেন,হাজীগঞ্জ এলাকার ঈমানদার মুসলমানেরা জীবিত থাকা পর্যন্ত ঈদগাহের জায়গা নিয়ে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। কারও হাত যত লম্বাই হোক,ঈদগাহ দখলের চেষ্টা করলে এলাকাবাসী তা প্রতিহত করবে।
তিনি আরও বলেন,ঈদগাহ মুসল্লিদের ধর্মীয় সম্পদ। এটি রক্ষায় সবাই ঐক্যবদ্ধ রয়েছে।
সমাবেশে হাজীগঞ্জ নবুমিস্ত্রি জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ ডা.জসিমউদ্দিন বলেন,ঈদগাহ ও মসজিদের জন্য ওয়াকফ করা জমি নিয়ে বিরোধ সৃষ্টির চেষ্টা অত্যন্ত দুঃখজনক। এ কারণে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন,আমাদের দেহে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত মসজিদের জায়গা দখল করতে দেওয়া হবে না। প্রয়োজনে আইনের আশ্রয় নেওয়া হবে। কোনো কিছুর বিনিময়ে এ জায়গা ছাড় দেওয়া হবে না।
স্থানীয় মুসল্লিরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ঈদগাহের জমি সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।