
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের প্রতাভেরচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ ছারোয়ার হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল বুধবার (১৪ মে) রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে অভিযান পরিচালনা করে।
অভিযানে পিরোজপুর ইউনিয়নের প্রতাভেরচর এলাকার বাসিন্দা সাইদুর (৬০) কে তার নিজ বসতঘর থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন ৫ গ্রাম।
গ্রেফতারকৃত সাইদুরের পিতার নাম মৃত মোবারক হোসেন এবং মাতার নাম রহিমা খাতুন। তার বাড়ি সোনারগাঁও উপজেলার প্রতাভেরচর এলাকায়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এদিকে পুলিশ আরও জানায়,ধৃত সাইদুর একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সোনারগাঁও থানা ও চাঁদপুরের মতলব উত্তর থানাসহ বিভিন্ন থানায় মোট ৮টি মাদক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু রয়েছে।
স্থানীয়দের দাবি,এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হলে তরুণ সমাজ মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা পাবে।