
নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁনমারী এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে নাসির নামে এক ক্যাবল (ডিশ) ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে এ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত নাসির চাঁনমারী মাউরাপট্টি এলাকার মৃত সাইজউদ্দিনের ছেলে এবং স্থানীয়,ফ্রেন্ডস ক্যাবল (ডিশ)এর স্বত্বাধিকারী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,দুপুরে নাসির তার অফিসে বসে ছিলেন। এ সময় এক দুর্বৃত্ত অফিসে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে দুপুর পৌনে ১টার দিকে রক্তমাখা ছুরি হাতে এক ব্যক্তিকে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়।
ঘটনার পর স্থানীয়রা অফিসে গিয়ে নাসিরকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি রক্তমাখা ছুরি উদ্ধারসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান,হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।