
নারায়ণগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকা সাইনবোর্ড চৌরাস্তা মোড় বর্তমানে আবারও অবৈধ দখল ও অনিয়ন্ত্রিত হকার সমস্যার কবলে পড়েছে। যদিও সরকার সারা দেশে অবৈধ স্থাপনা উচ্ছেদ,ফুটপাত দখলমুক্তকরণ এবং নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে,তবুও কিছু অসাধু ও আইন অমান্যকারী হকার সরকারি নির্দেশনা উপেক্ষা করে পুনরায় ফুটপাত ও সড়কের গুরুত্বপূর্ণ অংশ দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছে।
বিশেষ করে নারায়ণগঞ্জের সাইনবোর্ড চৌরাস্তা মোড়ে দেখা যাচ্ছে ভয়াবহ বিশৃঙ্খল পরিস্থিতি। যেখানে যানবাহন পার্কিং ও জনসাধারণের নির্বিঘ্ন চলাচলের জন্য নির্ধারিত জায়গা রাখা হয়েছিল, সেখানে এখন অবৈধ দোকানপাট বসিয়ে দখল করে নেওয়া হয়েছে সড়কের বড় একটি অংশ। ফলে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট,জনদুর্ভোগ এবং দুর্ঘটনার ঝুঁকি। পথচারীরা বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে মূল সড়ক ব্যবহার করছেন, আর যানবাহন চালকরাও পড়ছেন চরম ভোগান্তিতে।
স্থানীয় সচেতন মহলের অভিযোগ,প্রশাসনের চোখের সামনেই প্রতিদিন এসব অবৈধ স্থাপনা গড়ে উঠলেও কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। প্রশ্ন উঠেছে—এত গুরুত্বপূর্ণ একটি এলাকায় কারা এই অবৈধ দখলদারদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে? কেন নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে না? নাকি কোনো অদৃশ্য শক্তির কারণে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে?

সচেতন নাগরিকরা মনে করছেন,নারায়ণগঞ্জের প্রবেশদ্বার হিসেবে পরিচিত সাইনবোর্ড এলাকার এমন বেহাল অবস্থা শুধু নগর ব্যবস্থাপনাকেই প্রশ্নবিদ্ধ করছে না, বরং সরকারের চলমান দখলমুক্ত কার্যক্রমকেও ম্লান করে দিচ্ছে। তাই দ্রুত সময়ের মধ্যে কঠোর অভিযান পরিচালনা করে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা এবং অবৈধ হকারদের পুনর্বাসনের মাধ্যমে স্থায়ী সমাধান নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
জনস্বার্থে এখনই প্রয়োজন প্রশাসনের দৃশ্যমান ও কঠোর পদক্ষেপ। অন্যথায় দিন দিন সাইনবোর্ড চৌরাস্তা মোড় পরিণত হবে আরও ভয়াবহ যানজট ও বিশৃঙ্খলার কেন্দ্রবিন্দুতে।