
নিজস্ব প্রতিবেদক:নারায়ণগঞ্জ, ২৯ এপ্রিল ২০২৬।
নারায়ণগঞ্জে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস ২০২৬ উপলক্ষে জেলা প্রশাসকের ঘোষণা—শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা, মোবাইল কোর্ট, নীরব এলাকা বাস্তবায়ন ও জনসচেতনতা জোরদার।
আর নয় শব্দদূষণ,চাই সুস্থ জীবন—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর আওতায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,শব্দদূষণ একটি নীরব ঘাতক,যা মানুষের শ্রবণশক্তি, মানসিক স্বাস্থ্য এবং শিশুদের স্বাভাবিক বিকাশে মারাত্মক প্রভাব ফেলে।তিনি হাইড্রোলিক হর্ন, নির্মাণকাজের বিকট শব্দ এবং সাউন্ডবক্সের অনিয়ন্ত্রিত ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ওপর জোর দেন।
ডিসি রায়হান কবির জানান,হাসপাতাল,শিক্ষাপ্রতিষ্ঠান এবং আবাসিক এলাকাকে,নীরব এলাকা’ হিসেবে কার্যকরভাবে বাস্তবায়ন করা হবে। এসব এলাকায় শব্দদূষণ শূন্যের কোঠায় নামিয়ে আনতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন,পরিবেশ অধিদপ্তর,ট্রাফিক পুলিশ ও স্থানীয় প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শুধু আইন প্রয়োগ নয়,জনসচেতনতা বৃদ্ধিও সমান গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা,গাড়ি চালক ও শ্রমিকদের প্রশিক্ষণ,স্কুল পর্যায়ে সচেতনতা ক্যাম্পেইন,নীরব এলাকায় সাইনবোর্ড স্থাপন,শব্দদূষণ বিরোধী প্রচারণা জোরদার কড়া হবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা.এ এফ এম মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সিফাত উদ্দিন এবং পরিবেশ অধিদপ্তরের পরিচালক। এছাড়াও বিভিন্ন সরকারি কর্মকর্তা,সামাজিক সংগঠন ও এনজিও প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।
বিশেষজ্ঞদের মতে, দ্রুত নগরায়ন ও অনিয়ন্ত্রিত যানবাহনের কারণে শব্দদূষণ দিন দিন বাড়ছে। এ অবস্থায় প্রশাসনের কঠোর পদক্ষেপ এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি স্বাস্থ্যকর ও শব্দমুক্ত পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।