
মুন্সীগঞ্জ নিউজ।
মুন্সীগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে এ পরিদর্শন কার্যক্রম সম্পন্ন হয়। পরিদর্শনকালে তিনি কার্যালয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং ভূমি সেবা প্রদান প্রক্রিয়া, নামজারি, খতিয়ান সংশোধনসহ বিভিন্ন সেবার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় জেলা প্রশাসক সেবা নিতে আসা সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেন। তিনি তাদের অভিজ্ঞতা ও মতামত শুনে সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের সেবার মানোন্নয়ন, দ্রুততা ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি ভূমি সংক্রান্ত সেবাগুলোকে আরও জনবান্ধব, সহজ ও প্রযুক্তিনির্ভর করার ওপর জোর দেন।
পরিদর্শনকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.রেজাউল করিম, সহকারী কমিশনার (ভূমি) মুন্সীগঞ্জ সদর মারজানা আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।