
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম কর্মদিবসেই সক্রিয় ভূমিকা পালন করে নজর কেড়েছেন। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি জেলা পরিষদ কার্যালয় পরিদর্শন করেন এবং সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন।
প্রথম দিনেই তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করে বলেন,জেলার উন্নয়ন ত্বরান্বিত করতে আন্তরিকতা ও দলগতভাবে কাজ করার বিকল্প নেই। পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরিদর্শনকালে প্রশাসক বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে অবহিত হন। কোথাও কোনো সমস্যা বা ধীরগতি থাকলে তা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
তিনি আরও জানান, বাগেরহাট জেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে পরিকল্পিতভাবে কাজ করা হবে এবং স্থানীয় জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
নবনিযুক্ত প্রশাসকের আগমনে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন,তার নেতৃত্বে জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে।