
সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় তিনটি বাড়ি ও একাধিক যানবাহনে হামলা-ভাংচুরের অভিযোগ উঠেছে। ঘটনায় আহত হয়েছেন তিনজন। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শুক্রবার রাতে পিরোজপুর ইউনিয়নের প্রতাপের চর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের দাবি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিনের সমর্থক হওয়ায় তাদের ওপর এ হামলা চালানো হয়েছে।
অভিযোগে বলা হয়, স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষের নেতৃত্বে ৭০-৮০ জনের একটি দল দেশীয় অস্ত্রসহ বাড়িঘরে হামলা চালায়। ভাংচুর করা হয় ঘরের আসবাবপত্র, দরজা-জানালা ও দোকানপাট। ক্ষতিগ্রস্ত হয় দুটি পিকআপভ্যান, একটি মোটরসাইকেল ও একটি সিএনজি। আনুমানিক ৩০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।
হামলায় আহত আকাশ মিয়া,লিমন ও মিলনকে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে আশরাফ প্রধান বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরে এ হামলা হয়েছে। তিনি জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
অভিযুক্ত পক্ষ ঘটনার বিষয়টি “তুচ্ছ ঘটনা” বলে দাবি করেছে। অন্যদিকে পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।