
স্টাফ রিপোর্টার:
রপ্তানিমুখী পোশাক শিল্পে বকেয়া বেতন-ভাতা নিয়ে অস্থিরতা এবার সরাসরি মহাসড়কে প্রভাব ফেলেছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মইকুলি এলাকায় অবস্থিত বি ব্রাদার্স কোম্পানি লিমিটেড-এর শ্রমিকরা শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন।
সকাল ৮টা থেকে প্রায় তিন ঘণ্টা ধরে চলা অবরোধে মহাসড়কের দুই পাশে প্রায় ১৮ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, দূরপাল্লার যাত্রী এমনকি রোগীবাহী অ্যাম্বুলেন্সও আটকা পড়ে।
শ্রমিকদের দাবি, গত বছরের ডিসেম্বর এবং চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতা এখনো পরিশোধ করা হয়নি। প্রায় তিন হাজার শ্রমিক দীর্ঘদিন ধরে বকেয়া পরিশোধের দাবিতে আন্দোলন করে আসছেন। অভিযোগ রয়েছে, প্রতিবাদকারীদের হুমকি, আটক ও ছাঁটাই করা হচ্ছে।
শনিবার সকাল সাতটার দিকে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরেই বিক্ষোভ শুরু করেন। পরে দাবি আদায়ে মহাসড়কে নেমে অবরোধ কর্মসূচি পালন করেন। এতে পুরো শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মালিকপক্ষ দ্রুত সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন।
শ্রমিক অসন্তোষের এই ঘটনা দেশের রপ্তানি খাতের অন্যতম প্রধান শিল্প—পোশাক শিল্পে চলমান সংকট ও শ্রমিক কল্যাণ ইস্যুকে আবারও সামনে নিয়ে এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।