
নিজস্ব প্রতিবেদক, ঢাকা |
২২ ফেব্রুয়ারি ২০২৬
রাজধানীর তুরাগ থানাধীন দিয়াবাড়ী এলাকায় কিশোর গ্যাংয়ের অতর্কিত হামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল Channel S-এর তিন সাংবাদিক ও Bangla TV-এর একজন সাংবাদিকসহ অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উত্তরা সেন্টার মেট্রোরেল স্টেশন-এর পূর্ব পাশে উত্তরা সেন্টার ফুড কোর্টের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন—Channel S-এর স্টাফ রিপোর্টার শাহাদাত হোসেন ইমরান,সিটি রিপোর্টার সীমা প্রধান, রিপোর্টার শান্ত মাহমুদ এবং Bangla TV-এর সাংবাদিক মিজানুর রহমানসহ ব্যবসায়ী মো.আমিনুল ইসলাম।
এজাহার সূত্রে জানা যায়, বিকেলে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে স্থানীয় নূরে আলম (৩৩) ও ব্যবসায়ী আমিনুল ইসলামের মধ্যে বাকবিতণ্ডা হয়।পরে বিষয়টি সাংবাদিকদের জানানো হলে তারা তথ্য সংগ্রহের জন্য রাতে দিয়াবাড়ী ফুড কোর্ট এলাকায় যান। সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছালে কিশোর গ্যাং লিডার হিসেবে অভিযুক্ত নূরে আলমের নেতৃত্বে ১০-১৫ জন দেশীয় অস্ত্র, বাঁশ ও লোহার রড নিয়ে তাদের ওপর হামলা চালায়।
হামলায় সীমা আক্তার (২৬),শান্ত ইসলাম (২৫),মিজানুর রহমান (৩০)এবং আমিনুল ইসলাম রক্তাক্ত জখম হন। ভুক্তভোগীদের দাবি,সীমা আক্তার ভিডিও ধারণের চেষ্টা করলে হামলাকারী হৃদয় (২৫) লাঠি দিয়ে আঘাত করলে তার চোখের ওপর গুরুতর আঘাত লাগে।
হামলার সময় আমিনুল ইসলামের ব্যবহৃত একটি Samsung Galaxy S23 Ultra স্মার্টফোন ভেঙে ফেলা হয়,যার আনুমানিক মূল্য প্রায় ৬৫ হাজার টাকা। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল-এ চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় আমিনুল ইসলাম বাদী হয়ে তুরাগ থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নূরে আলম ও তার সহযোগী আলামিনকে (২৭) আটক করেছে, তবে অন্যরা এখনো পলাতক রয়েছে।
তুরাগ থানার ইন্সপেক্টর মো.টোকনুজ্জামান জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।এ ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং বর্তমানে দুইজন আটক রয়েছে।