
স্টাফ রিপোর্টার:
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা,গাঁজা ও নগদ টাকাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ ও যৌথবাহিনী। মঙ্গলবার গভীর রাতে পরিচালিত অভিযানে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
থানা সূত্রে জানা যায়,কালীগঞ্জ থানার রাত্রিকালীন কিলো-৫ টিম ও যৌথবাহিনী পৌরসভার দেওপাড়া এলাকার Seven Rings Cement কোম্পানির ৬ নম্বর গেট সংলগ্ন গুদারাঘাট সড়কে মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহভাজনদের তল্লাশি করে ৩৮০ পিস ইয়াবা,৪০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৫৬ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়।
অভিযানে গ্রেফতার ব্যক্তিরা হলেন— দেওপাড়া গ্রামের আল-আমিন (৩১),আবিদ হাসান (৩১) ও সিয়াম আহমেদ (২১)। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কালীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাকির হোসেন বলেন,মাদকমুক্ত সমাজ গড়তে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।