
নিউজ প্রতিবেদন:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১০,১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৬,০০,০০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্বামী–স্ত্রীসহ দুইজনকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক পিপিএম-এর নেতৃত্বে একটি আভিযানিক দল বুধবার(ভোর ৪টা) মিজমিজি থেকে মৌচাক বোতল ফ্যাক্টরি রোড এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে এসআই আতাউর রহমান,এসআই শাহ আলম, এসআই আশরাফ উজ্জামান ও এএসআই হাবিবুর রহমানসহ পুলিশের একটি দল অংশ নেয়। গোপন সংবাদের ভিত্তিতে জনৈক নাদিম আহমেদের বাড়ির ভাড়াটিয়া মনিরুল ইসলামের বসতঘরে অভিযান চালিয়ে তাকে ও তার স্ত্রী নুপুর বেগমকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মোঃ মনিরুল ইসলাম (৩৭) ও নুপুর বেগম (৩৫)। তাদের স্থায়ী ঠিকানা পটুয়াখালী জেলার নলছিটি উপজেলায় হলেও তারা সিদ্ধিরগঞ্জের মৌচাক বোতল ফ্যাক্টরি গলিতে ভাড়া থাকতেন। এসময় তাদের হেফাজত থেকে ১০,১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা আরও এক সহযোগীর নাম প্রকাশ করেন। পরে পুলিশের আরেকটি দল সাহেবপাড়া নার্সারী গলিতে অভিযান চালালে অভিযুক্ত মোঃ রাসেল গাজী কৌশলে পালিয়ে যান। তবে তার বাসা থেকে মাদক বিক্রয়ের নগদ ৬ লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতার ও পলাতক আসামিরা দীর্ঘদিন ধরে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছে পুলিশ।