
নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় র্যাব-১১ এর বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ দুই সহোদর মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে ৬৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব সূত্র জানায়,’বাংলাদেশ আমার অহংকার’— এই স্লোগানকে ধারণ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস,চাঁদাবাজি,জঙ্গিবাদ,অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সফল অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালিত হয় শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) ভোর ৩টা ৩০ মিনিটে।র্যাব-১১,সিপিএসসি,নারায়ণগঞ্জের একটি চৌকস দল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন ভূলতা ইউনিয়নের পাড়াগাঁও মধ্যপাড়া গ্রামে অবস্থিত আসামিদের বসতবাড়িতে অভিযান চালায়।
এ সময় মোঃ নিঘুম (৩০) ও মোঃ ইমন (২৮) নামের দুই সহোদরকে গ্রেপ্তার করা হয়। তারা উভয়েই মৃত আনোয়ার আলীর পুত্র এবং মোসাঃ আয়েশা বেগমের সন্তান। তাদের স্থায়ী ঠিকানা পাড়াগাঁও মধ্যপাড়া,ভূলতা ইউনিয়ন,রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।

র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত দুই ভাই দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ও গাঁজা সংগ্রহ করে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে সরবরাহ করে আসছিল। তারা একটি সক্রিয় মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত বলেও ধারণা করা হচ্ছে।
র্যাব-১১ জানায়,মাদকের মতো ভয়াবহ সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।