
নিজস্ব প্রতিনিধি:
শেষ দিনে অনুষ্ঠিত হলো দোয়া ও বিশেষ মোনাজাত
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঘোষিত সাতদিনব্যাপী শোক কর্মসূচির সপ্তম ও শেষ দিনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) বাদ আছর নগরীর মিশনপাড়ায় অবস্থিত মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোসহ জিয়া পরিবারের অন্যান্য প্রয়াত সদস্যদের আত্মার শান্তি কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য,নিরাপত্তা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন,অ্যাডভোকেট আব্দুস সবুর খান সেন্টু,আনোয়ার হোসেন আনু,ফতেহ রেজা রিপন,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক,মহানগর ওলামা দলের সভাপতি সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক কাইয়ুম,মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এছাড়া বিএনপি নেতা টিপুসহ মহানগরের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ দোয়া মাহফিলে অংশ নেন।