
নিজস্ব প্রতিবেদক:
ঝালকাঠির নলছিটির এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া আরিফুর রহমান শুভ আজ দেশের পরিবেশ আন্দোলনের তরুণদের অনুপ্রেরণা।২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরে পরিবারসহ ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকেই তার জীবনে নতুন দায়িত্ববোধের জন্ম হয়। সেই ক্ষত থেকেই পথচলা শুরু—মানুষের জন্য, পরিবেশের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য।
২০১৬ সালে প্রতিষ্ঠিত তার সংগঠন,’ইয়ুথনেট গ্লোবাল’আজ দেশের অন্যতম বৃহৎ যুব-ভিত্তিক পরিবেশ প্ল্যাটফর্ম। বর্তমানে ৬৪ জেলায় ১০ হাজার সদস্য নিয়ে সংগঠনটি সিঙ্গেল-ইউজ প্লাস্টিক বন্ধে প্রচারণা, বৃক্ষরোপণ,নদী দূষণ রোধ,অবৈধ ইটভাটা বন্ধ ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে শতাধিক কর্মসূচি বাস্তবায়ন করেছে। পরিবেশ অধিদপ্তরের সঙ্গে যৌথভাবে কাজ করায় সংগঠনটি পেয়েছে জাতীয় পর্যায়ের স্বীকৃতি।
তাদের সবচেয়ে আলোচিত উদ্যোগ‘ইকো অলিম্পিয়াড’, যেখানে মাধ্যমিক শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তন, বায়োডাইভার্সিটি,নদী রক্ষাও প্লাস্টিক দূষণসহ জটিল বৈজ্ঞানিক বিষয়গুলো সহজভাবে শেখানো হয়।এর মাধ্যমে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গঠন করা হচ্ছে‘ইয়ুথ ক্লাইমেট ক্লাব’যা ভবিষ্যতের পরিবেশ নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পরিবেশ আন্দোলনের কর্মসূচি ছাড়াও শুভর কাজ ছুঁয়ে গেছে বরিশালের লাহারহাটের মানতা সম্প্রদায়কে। নদীতে বসবাসকারী এই সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য তিনি শিক্ষা, অধিকার,জলবায়ু সহনশীলতা ও সামাজিক নিরাপত্তার কার্যক্রম বাস্তবায়ন করে নতুন নজির স্থাপন করেছেন।
বর্তমানে তিনি‘সবুজ আশা’নামে নতুন এক প্রকল্প হাতে নিয়েছেন,যেখানে নদী ভাঙন এলাকায় নারীদের নিয়ে কলাগাছের আঁশ থেকে সুতা উৎপাদনের মাধ্যমে টেকসই পরিবেশবান্ধব পণ্য তৈরির উদ্যোগ চালু হয়েছে।
শুভর ভাষায়,পরিবেশ রক্ষা শুধু আন্দোলন নয়,এটি আমাদের ভবিষ্যতের নিরাপত্তা।