নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশের যোগ্য ও মেধাবী সাংবাদিকদের সম্মান জানাতে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে শনিবার (১৫ নভেম্বর ২০২৫) বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়েছে ‘রুদ্র বাংলা সম্মাননা পদক ২০২৫’ প্রদান অনুষ্ঠান। এ আয়োজনে জাতীয় দৈনিক খোলা বাজার পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ মাহাবুব আলম সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় এ বছরের সম্মাননা পদক অর্জন করেন।
দীর্ঘদিন ধরে অনুসন্ধানী সাংবাদিকতা, তথ্যভিত্তিক প্রতিবেদন ও সামাজিক সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন মাহাবুব আলম। তার প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন জাতীয় পর্যায়ে আলোচনার জন্ম দেয় এবং পাঠক ও সহকর্মীদের প্রশংসা অর্জন করে। গণমাধ্যমে নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রাখায় তার কাজ ব্যাপক সুনাম কুড়িয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুদ্র বাংলার সম্পাদক মোঃ মতিউর রহমান। তিনি বলেন—
সাংবাদিকতা শুধু পেশা নয়,এটি সমাজ পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। সত্য ও ন্যায়ের পক্ষে যারা নিবেদিত থাকেন, তারাই প্রকৃত জাতিসেবক। রুদ্র বাংলা সম্মাননা পদক তাদেরই প্রাপ্য স্বীকৃতি।
অনুষ্ঠানে দেশের বিশিষ্ট সাংবাদিক,সাহিত্যিক, গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আয়োজকদের মতে,এ ধরনের সম্মাননা তরুণ সাংবাদিকদের উৎসাহিত করবে এবং দেশে দায়িত্বশীল গণমাধ্যম গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে অতিথি ও আমন্ত্রিতরা মোঃ মাহাবুব আলমকে শুভেচ্ছা জানান এবং তার ভবিষ্যৎ কর্মজীবনে আরও সাফল্য কামনা করেন।