নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ হওয়া জয়কৃষ্ণ (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শনিবার (৮ নভেম্বর) বেলা সোয়া ১০টার দিকে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন নৌঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জয়কৃষ্ণ নরসিংদী জেলার নরসিংদী গ্রামের বিশ্বজিৎ সাহার ছেলে। তিনি নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের ডাইলপট্টিতে একটি দোকানে চাকরি করতেন এবং বন্দরের আমীন হাউজিং এলাকায় পরিবারের সঙ্গে ভাড়ায় থাকতেন।
নারায়ণগঞ্জ নৌ পুলিশের উপ-পরিদর্শক রকিবুল হাসান বলেন,শুক্রবার রাতে ট্রলার থেকে নামার সময় জয়কৃষ্ণ পা পিছলে নদীতে পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধারচেষ্টা চালায় কিন্তু ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। গভীর রাত পর্যন্ত খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান জানান,
শনিবার সকালে ফের উদ্ধার অভিযান শুরু করলে বেলা সোয়া দশটার দিকে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এদিকে নিহতের মামা সুশান্ত কুমার সাহা জানান,জয় প্রতিদিনের মতো কাজ শেষে ফেরার পথে দুর্ঘটনায় পড়ে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে আমরা নিঃস্ব হয়ে গেছি।