তৃণমূলের মতামত উপেক্ষার অভিযোগ— জনগণের পছন্দের প্রার্থীকে মনোনয়ন দেওয়ার আহ্বান কর্মীদের।
মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি কর্তৃক দেওয়া প্রাথমিক মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে শ্রীনগরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীনগর উপজেলা মোড় থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়।
মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ছনবাড়ী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এ সময় কর্মী-সমর্থকরা মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে নানা স্লোগান দেন।
বিক্ষোভে অংশ নেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মমিন আলীর সমর্থকসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।
বক্তারা অভিযোগ করেন, মনোনয়ন প্রক্রিয়ায় তৃণমূলের মতামত যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি।
তারা বলেন,যারা দীর্ঘদিন ধরে মাঠে-মানুষের সঙ্গে কাজ করছেন, তাদের উপেক্ষা করে প্রার্থী নির্ধারণ করা হলে তৃণমূল কর্মীরা হতাশ হবেন।
বক্তারা দলীয় উচ্চ পর্যায়ের কাছে জনগণের পছন্দের প্রার্থীকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান এবং বলেন— “দলীয় ঐক্য রক্ষায় যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীকে চূড়ান্ত মনোনয়ন দিতে হবে।”
সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে বিক্ষোভকারীরা সরে যান।